জামালপুরের শ্রেষ্ঠ ইউএনও জিন্নাতুল আরা

প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  জাহিদ হাসান, মেলান্দহ (জামালপুর)

প্রাথমিক শিক্ষা ও সার্বিক প্রশাসনিক কাজে অবদানের জন্য জেলা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে জামালপুর জেলার সাতটি উপজেলার উপজেলা নির্বাহী অফিসারদের মধ্য থেকে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল আরা। প্রাথমিক শিক্ষা পদক ও জেলা বাছাই কমিটির সভাপতি ও জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, ২০ মে স্বাক্ষরিত জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের মূল্যায়ন তালিকায় তার নাম উঠে আসে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, প্রশাসনিক কর্মদক্ষতা, উন্নয়ন মূলক কাজ, জনসেবা, সুশাসন প্রতিষ্ঠা, বাল্য বিয়ে বন্ধ করণ, মাদক, জোয়া, নানা অপরাধের বিরুদ্ধে ভ্রাম্যমান কোর্ট পরিচালনা এবং বিভিন্ন জনসেবা মূলক কাজে অসামান্য কৃতিত্বের জন্য জিন্নাতুল আরা জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত হন।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আলামিন বলেন, জনাব জিন্নাতুল আরা ৭/১২/২০২৫ ইং তারিখে মেলান্দহে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। দায়িত্ব গ্রহনের পর থেকে তিনি উপজেলার বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন,হাটবাজার, রাস্তাঘাটসহ উপজেলার বিভিন্ন সমস্যাগুলো নিয়ে কাজ করে উন্নয়নের গতিকে ত্বরান্বিত করে সমগ্র উপজেলার সর্বস্তরের মানুষের মন জয় করেছেন। উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল আরা জানিয়েছেন, এই অসামান্য কৃতিত্বের অর্জন সারা উপজেলার মানুষের। আমি মেলান্দহ উপজেলা নিয়ে আরো কাজ করতে চাই।তিনি মেলান্দহ উপজেলাকে এগিয়ে নিতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।