দীপেন দেওয়ানের পুনর্বহাল দাবি

প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রাঙামাটি প্রতিনিধি

পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ারেন পদত্যাগপত্র প্রত্যাহার এবং তার মন্ত্রিত্ব পদটি পুনঃবহাল ও প্রতিমন্ত্রীকে অপসারণের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে রাঙামাটির আসনের এয়োদশ জাতীয় সংসদ সদস্য প্রার্থীরা। গতকাল বৃহস্পতিবার সকালে রাঙামাটি শহরের স্টেডিয়াম এলাকায় একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাঙামাটি আসনের স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা।

এতে আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ সমর্থিত প্রার্থী এমএ আবুল বাশার।

সংবাদ সম্মেলনে সংসদ সদস্য প্রার্থীরা দাবি করে বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির ‘ঘ’ খণ্ডের ১৯নং অনুচ্ছেদের বিধান অনুযায়ী পাহাড়ী জনগোষ্ঠীর অধিকার রক্ষা ও মন্ত্রণালয়ের গতিশীলতা নিশ্চিত করতে সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে পুনরায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হোক।

তারা আরও দাবি করে বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী এই মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী পদের কোনো বিধান নেই। বিধায়, চুক্তির সঙ্গে সাংঘর্ষিক ও বিধি-বহির্ভূতভাবে নিযুক্ত বর্তমান প্রতিমন্ত্রী জনাব মীর মোহাম্মদ হেলাল উদ্দিন (মীর হেলাল)-কে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ হতে অবিলম্বে প্রত্যাহার ও অপসারণ করা হোক। একইসঙ্গে ভবিষ্যতে এই মন্ত্রণালয়ে পার্বত্য চট্টগ্রামের বাহিরে কোন লোক কোনভাবেই প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী পদায়ন না করার বিধান কঠোরভাবে অনুসরণ করা হোক।