‘তৃণমূল পর্যায়ে খেলাধুলাকে পৌঁছে দেওয়া হবে’

প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, খেলাধুলার উন্নয়নে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে। দেশের প্রতিটি জেলা, উপজেলা ও গ্রাম পর্যায়ে ক্রীড়া অবকাঠামো গড়ে তুলে তৃণমূল পর্যায়ে খেলাধুলাকে পৌঁছে দেওয়া হবে। তিনি বলেন, বাংলাদেশের তরুণদের মেধা ও সম্ভাবনাকে বিকশিত করতে খেলাধুলার বিকল্প নেই। তাই সরকার দেশের বিভিন্ন এলাকায় মাঠ, স্টেডিয়াম ও ক্রীড়া অবকাঠামো নির্মাণে গুরুত্ব দিচ্ছে। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় বের করে আনতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি জাতিকে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও মাদকমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণ সমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে পারলে দেশের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে।

গতকাল শুক্রবার চট্টগ্রামের পটিয়ার জালুয়ার দিঘীপাড় এলাকায় মিনি স্টেডিয়াম নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির আহ্বায়ক ফারহানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আলহাজ এনামুল হক এনাম এমপি। উপস্থিত ছিলেন পটিয়া থানার ওসি জিয়াউল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম, ক্রীড়া সংস্থার সদস্য সচিব মইনুল আলম ছোটন, জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম চেয়ারম্যানসহ মহানগর, জেলা ও স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক এবং ক্রীড়াপ্রেমীরা।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, পটিয়ার ক্রীড়াঙ্গনের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই স্টেডিয়াম বাস্তবায়িত হলে স্থানীয় খেলোয়াড়রা আধুনিক সুযোগ-সুবিধার মধ্যে অনুশীলনের সুযোগ পাবেন এবং নতুন প্রতিভা বিকাশের ক্ষেত্র তৈরি হবে।