চান্দিনায় গ্রেপ্তার তিন

প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চান্দিনা থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের মধ্যে একজনকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে এবং বাকি দুজনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে চান্দিনা পৌরসভা এলাকার বেলাশ্বর মুন্সী বাড়ীর আ. ওহাবের ছেলে মো. জামাল উদ্দিনকে সিআর ওয়ারেন্টমূলে গ্রেপ্তার করা হয়। এছাড়া গল্লাই হাজী বাড়ির জাকির হোসেনের ছেলে মো. নাঈমকে জিআর ওয়ারেন্টমূলে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে মাদকবিরোধী তৎপরতার অংশ হিসেবে পৌর সভার ৭নং ওয়ার্ডের ছায়কোট এলাকার বাসিন্দা ফরিদ হোসেনের ছেলে শরীফ হোসেনকে মাদক সেবনের অপরাধে আটক করা হয়।

পরবর্তীতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।