ভৈরব রেলওয়ে স্টেশনে সংঘর্ষের ঘটনায় মামলা
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে রেলস্টেশনের প্ল্যাটফর্মে স্থানীয় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় রেলওয়ে থানায় মামলা করেছে পুলিশ। গতকাল শনিবার ভৈরব রেলওয়ে থানার উপপরিদর্শক আফজাল হোসেন বাদী হয়ে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেন। মামলায় থানা ভবন ও পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে। ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাঈদ আহমেদ এসব বিষয় নিশ্চিত করেছেন। এখন পর্যন্ত এ মামলায় কাউকে গ্রেপ্তার করা যায়নি বলেও জানান ওসি মোহাম্মদ সাঈদ আহমেদ। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত ২টা পর্যন্ত টানা ৭ ঘণ্টা ভৈরব রেলস্টেশনের প্ল্যাটফর্ম ও আশপাশের এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে পঞ্চবটী এলাকার লোকজনের সঙ্গে জগন্নাথপুর এলাকার লোকজনের সংঘর্ষ চলে। এ ঘটনায় ৮ পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হন।
এসময় ঢাকা থেকে সিলেট চট্টগ্রাম ও ময়মনসিংহ রুটে ৫ ঘণ্টা যাবত রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ থাকে। অন্তত ৬টি ট্রেন পার্শ্ববর্তী বিভিন্ন স্টেশন ও পথে আটকা পড়ে। চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। এক পর্যায়ে সংঘর্ষকারীরা স্টেশনমাস্টারের কক্ষসহ বেশ কয়েকটি কক্ষে ভাঙচুর চালায়। প্রথমে রেলওয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে পরে থানা-পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। রাত দুইটার পর থেকে রেল যোগাযোগ স্বভাবিক হয়।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাঈদ আহমেদ বলেন, সংঘর্ষে থানা ভবন ও পুলিশের গাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে এবং কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ কারণে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। আসামিদের পরিচয় শনাক্তে কাজ চলছে। ভৈরব স্টেশন মাস্টার ইউসুফ মিয়া বলেন, সংঘর্ষের ঘটনায় স্টেশন ভাঙচুর ও ক্ষয়ক্ষতির বিষয়ে এরইমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।
