পূর্বধলায় বিএনপি’র উদ্যোগে সড়ক সংস্কার

প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রশাসনের উদ্যোগের অপেক্ষায় বসে না থেকে জনগণের চরম ভোগান্তি দূর করতে এক অনন্য নজির স্থাপন করেছে নেত্রকোনার পূর্বধলা উপজেলা বিএনপি। উপজেলার ব্যস্ততম স্টেশন রোডের দীর্ঘদিনের বেহাল দশা দূর করতে সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে সড়কটি মেরামতের কাজ সম্পন্ন করেছেন দলটির নেতাকর্মীরা।

গতকাল শনিবার দুপুরে সড়কের তীব্র ক্ষতিগ্রস্ত অংশে মাটি ও ইটের খোয়া ফেলে এই জরুরি সংস্কার কাজ চালানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ব্র্যাক অফিস সংলগ্ন সড়কটিতে দীর্ঘদিন ধরে খানাখন্দ ও ভাঙনের কারণে সামান্য বৃষ্টিতেই পানি জমে যেত। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় চলাচল করতে গিয়ে প্রায় সময় ঘট ঘটে যেত ছোট বড় অনেক দুর্ঘটনা। এই জনদুর্ভোগ নিরসনে উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান তালুকদারের উদ্যোগে এবং জারিয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল লতিফ তালুকদারের সহযোগিতায় এই সংস্কার কাজ হাতে নেওয়া হয়। গতকাল শনিবার দুপুর থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে মেরামত কাজে অংশ নেন।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আলাল উদ্দিন জানান, স্টেশন রোডটি এলাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংস্কারের অভাবে যাতায়াতে চরম কষ্ট হতো। বিএনপির এই সময়োপযোগী উদ্যোগের ফলে রাস্তাটি এখন চলাচলের উপযোগী হয়েছে।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান তালুকদার বলেন, দলমত নির্বিশেষে জনগণের দুর্ভোগ লাঘব এবং নিরাপদ যোগাযোগ নিশ্চিত করাই ছিল আমাদের মূল লক্ষ্য।

সাধারণ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব এবং ভবিষ্যতেও এলাকার যেকোনো জনকল্যাণমূলক কাজে আমরা এভাবেই পাশে থাকব।