দশআনী নদীর ভাঙনে বিলীন ঘরবাড়ি-ফসলি জমি
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের ইসলামপুরে দশআনী নদী ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি। উপজেলার গোয়ালের চর ইউনিয়নে বোলাকীপাড়া থেকে গাইবান্ধা ইউনিয়ন আগুনের চর পর্যন্ত প্রায় বিশাল এলাকা জুড়ে চলছে এই নদী ভাঙনের তাণ্ডব।
এলাকবাসী জানান, দীর্ঘ প্রায় ১৭ বছর অতীতের সরকার এই এলাকার নদী ভাঙন রোধে কোনও উদ্যোগ নেয় নি।
দশআনীর নদীর গর্ভে বিলীন হয়েছে বোলাকিপাড়া-নাপিতের চর বাজার সড়কসহ অর্ধশতাধিক বসতবাড়ি ও শত শত একর ফসলি। ফলে ইসলামপুর উপজেলার মানচিত্র থেকে শতশত একর জমি বকশীগঞ্জ উপজেলা মানচিত্রের সঙ্গে সংযুক্ত হয়েছে ।
স্থানীয় লোকজন নিজেদের ঘরবাড়ি ও ফসলি জমি রক্ষার জন্য স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বাঁশের আড়াআড়ি বেড়া নির্মাণ করেও ভাঙন রোধ করতে পারছেন না। এই অঞ্চলের মানুষদের দশানী নদীর ভাঙন থেকে রক্ষার জন্য স্থানীয় সংসদ সদস্য এ.ই সুলতান মাহমুদ বাবু এমপি এবং জামালপুর পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন। বোলাকীপাড়া গ্রামের আব্দুল কাদের বলেন, আমরা সারা জীবন বিএনপির প্রার্থী সুলতান মাহমুদ বাবু এমপিকে ধানের শীষেভোট দিয়েছি। তার হিংসা করে আওয়ামী লীগের লোকজন দশআনী রোধে বোলাকিপাড়া গ্রামের মানুষের পক্ষে কোনো উদ্যোগ নেয়নি।
গোল্লা মিয়া বলেন, আমার বাড়িটি নদী ভাঙন থেকে রক্ষার জন্য নিজের টাকায় বাঁশ পাইলিং করে ছিলাম। কিন্তু শেষ রক্ষা হয়নি। গোয়ালেরচর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউপি সদস্য আমিরুল ইসলাম বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে বঞ্চিত বোলাকিপাড়া গ্রামের মানুষের দিকে বর্তমান সরকার ও স্থানীয় এমপি সুলতান মাহমুদ বাবু সুদৃষ্টি রাখবেন এটাই প্রত্যাশা এলাকাবাসীর।
