১৫ জুন থেকে হাঁড়িভাঙা আম পাড়া শুরু
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রংপুর ব্যুরো

স্বাদে-গন্ধে অতুলনীয় রংপুরের সুস্বাদু হাঁড়িভাঙা আম। রংপুর অঞ্চলের জনপ্রিয় আম হাঁড়িভাঙা। এ আমের চাষ ও জনপ্রিয়তা বেড়েই চলেছে। এ আম বদলে দিয়েছে আশপাশের মানুষের ভাগ্য। রংপুরের ব্র্যান্ডে পরিণত হয়েছে হাঁড়িভাঙা আম। এবার হাঁড়িভাঙার ফলন ভালো। মিঠাপুকুর উপজেলা কৃষি বিভাগ ১৫ জুন থেকে পরিপক্ব হাঁড়িভাঙা আম বাজারজাত করতে আমবাগানের মালিক ও ব্যবসায়ীদের পরামর্শ দিয়েছে। আর এই আমকে কেন্দ্র করে চলতি মৌসুমে রংপুর অঞ্চলে ৩০০ কোটি টাকার বেশি বাণিজ্যের সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা।
আমচাষিরা গাছ থেকে আম সংগ্রহের প্রস্তুতি নিচ্ছেন। রাস্তার দুই ধারে সারি সারি হাঁড়িভাঙা আমের বাগান। গাছে থোকায় থোকায় আম। আম পরিপক্ব হতে কৃষি বিভাগের বেঁধে দেওয়া সময়ের জন্য অধিকাংশ চাষি অপেক্ষা করছেন। তবে কেউ কেউ আম পাড়া শুরু করেছেন। তারা বলেছেন, অতিরিক্ত গরমে এ বছর নির্ধারিত সময়ের আগেই আম পাকা শুরু হয়েছে।
কৃষি বিভাগ ও চাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, হাঁড়িভাঙা আম জুনের প্রথম সপ্তাহ থেকে জুলাইয়ের শেষ সপ্তাহ পর্যন্ত পাওয়া যায়। পাকা আম মাঝারি মাত্রার সুগন্ধ ছড়ায়। বর্তমানে মিঠাপুকুর ছাড়াও রংপুরের বদরগঞ্জ, তারাগঞ্জ, পীরগঞ্জ, পীরগাছাসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় হাঁড়িভাঙা আম চাষের বিস্তার ঘটছে।
তেকানী গ্রামের কৃষক সহিদার রহমান বলেন, আগে তিনি দুই একর জমিতে ধান ও আলুর চাষ করতেন।
আট বছর আগে সেই জমিতে হাঁড়িভাঙা আমের বাগান করেছেন। জমির ফসল বিক্রি করে আগে বছরে তার লাভ হতো ৯০-৯৫ হাজার টাকা। গত বছর তিনি বাগানের আম বিক্রি করে পেয়েছিলেন ৪ লাখ টাকা। এবার তিনি আরও বেশি লাভের আশা করছেন।
সাত একর জমিতে আমের বাগান করেছেন খোড়াগাছ গ্রামের সিরাজুল ইসলাম। গত তিন বছরে আম বিক্রি করে গড়ে তিনি আয় করেন ১৪ লাখ টাকা। তিনি বলেন, ধান চাষ আর আম চাষে লাভের পার্থক্য হচ্ছে আকাশ-পাতাল।
তেকানী গ্রামে ঢুকতেই আসমা খাতুনের বাড়ি। তাঁরস্বামী এনামুল হক অসুস্থ। কাজ করতে পারেন না। আগে অন্যের বাড়িতে ও আমবাগানে কাজ করতেন আসমা। বাড়ির সামনে ১২ শতক জমি ও আঙিনায় হাঁড়িভাঙার বেশ কিছু চারা লাগিয়ে তিন বছরের মাথায় সংসারে সচ্ছলতা আনতে পেরেছেন।
এখন আম বিক্রি ও গাভি পালনের আয় দিয়ে আসমা সংসার চালাচ্ছেন। ৯ শতক জমি কিনেছেন। তার স্কুলপড়ুয়া দুই সন্তান। বাড়ির সামনে লাগানো আমগাছ দেখিয়ে তিনি বলেন, ‘বাহে, আম নোয়ায় এইগল্যা (এগুলো), যেন টাকার গাছ। একনা গাছোত পাতা যত, আম বেচাইলে টাকাও পামো তত। আমোত কোনো লস নাই, তেমন খরচও নাই। খালি ৫০০-৬০০ টাকার সার ও ওষুধ দিলে পাঁচ বছরের একটা গাছোত লাভ হইবে চার হাজার টাকা। এমতোন লাভ অন্য সষোত (ফসলে) নাই।’
খোড়াগাছ ইউনিয়নের সবচেয়ে বড় আমের বাজার পদাগঞ্জ। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীরা আম কিনতে এই বাজারে আসেন। বাজারের আম ব্যবসায়ী মনিরুজ্জামান বলেন, দিন যাচ্ছে, বাজারে হাঁড়িভাঙা আমের চাহিদাও বাড়ছে। আম ঘিরে ছোট-বড় অনেক ব্যবসার প্রসার ঘটেছে। কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে হাজারো মানুষের।
মিঠাপুকুর উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হেকিম বলেন, মিঠাপুকুরে প্রতিবছর হাঁড়িভাঙা আমের চাষ বাড়ছে। লাভ বেশি হওয়ায় লোকজন ধানি জমিতে আমের বাগান করছেন। ১ হাজার ২৬০ হেক্টর জমিতে ৪ হাজার ৭৫টি হাঁড়িভাঙা আমের বাগান আছে।
গত বছর ৯০ থেকে ১০০ কোটি টাকার আম বিক্রি হয়েছে। এ বছর ১০০ থেকে ১২০ কোটি টাকার বেশি হাঁড়িভাঙা বিক্রি হওয়ার সম্ভাবনা আছে। সব মাটিতে এ আমের চাষ করা যায়। তবে এঁটেল ও দো-আঁশ মাটি এই আম চাষের জন্য বেশি উপযোগী। এক একর জমিতে বছরে সব মিলিয়ে প্রায় তিন লাখ টাকা পাওয়া যায়। মাঝারি প্রতিটি গাছে সার ও কীটনাশক বাবদ বছরে খরচ হয় ৫০০-৬০০ টাকা। পাঁচ বছর বয়সী প্রতিটি গাছের আম বিক্রি করে গড়ে চার হাজার টাকা পাওয়া যায়।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) রংপুর জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জু বলেন, হাঁড়িভাঙা আম এখন আর শুধু দেশের গন্ডিতে সীমাবদ্ধ নেই। মালয়েশিয়া, সিঙ্গাপুর, পাকিস্তান, ভারতসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে এই আম রপ্তানি করা হয়। দেশের ভেতরে ফেসবুক ও ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি বাগান থেকে আম সরবরাহের হার গত কয়েক বছরে কয়েক গুণ বেড়েছে।
তিনি আরও বলেন, ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার পর থেকে এই আমের ব্র্যান্ড ভ্যালুও বেড়েছে, যা ভালো দাম নিশ্চিতে ভূমিকা রাখছে। এই আম ঘিরে বিশাল বাণিজ্যের সম্ভাবনা থাকলেও হিমাগার বা আধুনিক সংরক্ষণ ব্যবস্থার অভাব নিয়ে চাষিদের কিছুটা দুশ্চিন্তা রয়েছে। হাঁড়িভাঙা আম দ্রুত পচনশীল হওয়ায় এটি পরিবহনে বিশেষ ট্রেন বা দ্রুতগামী যানবাহনের ব্যবস্থা করা উচিত।
রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সিরাজুল ইসলাম বলেন, ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি হাঁড়িভাঙা আম রংপুরের ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে।
এবার আমের অন ইয়ার। প্রচুর আম ধরেছে। কৃষি বিভাগ থেকে চাষিদের পরামর্শ দিয়ে সহায়তা করা হচ্ছে। এ বিষয়ে তিনি আরও বলেন, প্রাকৃতিকভাবে কিছু থিনিং হয়ে গেছে। এতে বাকি আমগুলোর আকার বড় হতে পারে। সঠিক পরিচর্যা করলে উৎপাদনে বড় প্রভাব নাও পড়তে পারে।
রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, জিআই পণ্যের স্বীকৃতি পাওয়া হাঁড়িভাঙা আম বাজারজাত করতে এবার যাতে কোনো অসুবিধা না হয়, সে বিষয়ে মনিটরিং করা হবে। বিশেষ করে পরিবহনে যাতে ব্যবসায়ীদের কোনো হয়রানির শিকার হতে না হয়, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।
