রংপুরে বিশেষ অভিযানে ৩০ জন গ্রেপ্তার

প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক, চুরি, জুয়া, দালালচক্র ও অন্যান্য অপরাধ দমনে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার দুপুরে আরপিএমপি’র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারদের মধ্যে হাসপাতাল দালাল চক্রের সদস্য ৭ জন, মাদক ব্যবসায়ী ১ জন, মাদক সেবনকারী ১১ জন, জুয়াড়ি ৫ জন, চুরি মামলার আসামি ২ জন, পরোয়ানাভুক্ত আসামি ১ জন এবং জনশৃঙ্খলা ভঙ্গকারী ৩ জন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদণ্ডএর নির্দেশনায় মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে চুরি, মাদক, জুয়া, প্রতারণা, দালালি ও জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এসব ব্যক্তিকে আটক করা হয়। কোতয়ালী থানার অভিযানে চুরির দু’টি ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। এ সময় চুরি হওয়া একটি টিউবওয়েল, একটি ফ্যান ও বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়েছে। একই থানার মাদকবিরোধী অভিযানে ৪০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাজহাট থানার পানবাড়ী এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে পাঁচ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে তাস, নগদ টাকা ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। এছাড়া জনশৃঙ্খলা ভঙ্গ ও মারমুখী আচরণের অভিযোগে তিনজন এবং মাদক সেবনের দায়ে একজনকে আটক করা হয়। পরশুরাম থানার অভিযানে দুই মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মাহিগঞ্জ থানার অভিযানে চোলাই মদ সেবনের দায়ে তিনজন এবং প্রতারণা মামলার এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। এদিকে গোয়েন্দা বিভাগ (ডিবি) রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে রোগী ও স্বজনদের হয়রানির অভিযোগে হাসপাতাল দালাল চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে। এছাড়া মাদক সেবনের দায়ে আরও চারজনকে আটক করা হয়।