ত্রিশালে ১৫৩ কিমি. সড়ক নেটওয়ার্কের পরিকল্পনা
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ত্রিশাল প্রতিনিধি
ত্রিশালের প্রত্যন্ত অঞ্চলের কাদামাটি আর ভাঙাচোরা খানাখন্দে ভরা বেহাল অবস্থা বিরাজ করায় এই অঞ্চলের সাধারণ মানুষের দীর্ঘ দিনের দুর্ভোগ ছিল চরমে। রাস্তায় যাতায়াতের দুর্ভোগ গোছাতে অবশেষে এক নতুন দিগন্তে পা রাখতে যাচ্ছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা। উপজেলার যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে গ্রহণ করা হয়েছে ১৫৩.৪৩ কিলোমিটার সড়ক নেটওয়ার্কের এক ঐতিহাসিক মহাপরিকল্পনা। ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটনের প্রচেষ্ঠায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে সর্বমোট ৬৫টি সড়ক উন্নয়ন প্রকল্প চূড়ান্ত করে এরইমধ্যে প্রস্তাব পাঠানো হয়েছে।
ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন এই যুগান্তকারী মহাপরিকল্পনার কথা নিশ্চিত করেছেন।
সংসদ সদস্য ডাক্তার মাহাবুর রহমান লিটন বলেন, একটি অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের মূল চাবিকাঠি হলো উন্নত যোগাযোগ ব্যবস্থা। ত্রিশাল উপজেলার প্রতিটি গ্রামকে একটি আধুনিক সড়ক নেটওয়ার্কের আওতায় এনে সাধারণ মানুষের যাতায়াত ও পণ্য পরিবহন সহজ করতে এই যুগান্তকারী মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, সম্পূর্ণ প্রকল্পটিতে স্থানীয় জনগণের চাহিদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। গ্রামীণ রাস্তাঘাটের এই আধুনিকায়নের ফলে স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা অত্যন্ত সহজে এবং স্বল্প সময়ে তাদের পণ্য দেশের বিভিন্ন স্থানে পরিবহন করতে পারবেন যা পুরো অঞ্চলের অর্থনীতিতে এক বিশাল গতিশীলতা আনবে।
