খাল দখলমুক্ত করতে পানি উন্নয়ন বোর্ডের অভিযান
প্রকাশ : ১০ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জলাবদ্ধতা নিরশনে সরকারি খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার দিনব্যাপী উপজেলার বরপা শান্তিনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজানুল ইসলাম। উপজেলার তারাবো পৌরসভার বরপা এলাকায় সেচ প্রকল্পের পানি নিষ্কাশন খালের ১৩ কিলোমিটার দৈর্ঘ্যজুড়ে দুই পাশে গড়ে ওঠেছে বেশ কিছু অবৈধ স্থাপনা ও সীমানা প্রাচীর। এতে সেচ প্রকল্পে পানি পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়।অভিযানে মজুমদার গ্রুপের সীমানা প্রাচীরসহ খালের ভেতরে বা খালের জায়গা দখল করে নির্মিত বিভিন্ন অবৈধ স্থাপনা ভেঙে উচ্ছেদ করা হয়।
এ সময় স্থানীয় বাসিন্দারা খাল দখলমুক্ত করার উদ্যোগকে স্বাগত জানান এবং উচ্ছেদ অভিযানের ফলে খালের স্বাভাবিক পরিবেশ ও পানি প্রবাহ ফিরিয়ে আনা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন। রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজানুল ইসলাম বলেন, জলাবদ্ধতা নিরসনে খালের পানি প্রবাহ ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ বাস্তবায়ন করতে কাজ চলছে। সরকারি খাল উদ্ধারে এ ধরনের অভিযান চলমান থাকবে। অভিযানে উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুভ আহমেদ ও পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী রাকিবুল আলম রাজীবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
