পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান
প্রকাশ : ১০ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর বংশী স্টিল ব্রিজ সংলগ্ন সরকারি জায়গায় খাল খনন কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। সকাল থেকে শুরু হওয়া এ অভিযানে প্রায় ৬১টি দোকান উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন ধরে গড়ে ওঠা এসব দোকান খালের ওপর ও সংলগ্ন সরকারি জায়গায় পরিচালিত হচ্ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয় থেকে নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউসার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী গোকুল চন্দ্র পাল এবং রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অভিযানে অংশ নেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খাল খনন কার্যক্রম বাস্তবায়নের জন্য আগেই ব্যবসায়ীদের নোটিশ প্রদান করা হয় এবং এলাকায় মাইকিং করে দোকানপাট ও মালামাল সরিয়ে নেওয়ার জন্য একাধিকবার সতর্ক করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে জায়গা খালি না করায় গতকাল মঙ্গলবার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
