কলেজছাত্র হত্যায় যুবলীগ কর্মী আটক

প্রকাশ : ১০ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁওয়ে চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী নাহিয়ান রবিন (২৩) নামে এক কলেজছাত্রকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নাহিয়ান রবিন গফরগাঁও পৌর এলাকার শিলাসী গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে এবং কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রি কলেজের ছাত্র। এ সময় নিহত রবিনের বন্ধু মাসুম (২৪ ) নামে এক যুবককে পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা । রবিন তার ২৩তম জন্মদিনের কেক কেটে সোমবার রাত পৌনে ১টার দিকে বাসায় ফেরার পথে পৌর শহরের শিলাসী মাজার বাড়ি রোড এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।

এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার (৯জুন) সকাল সাড়ে ১০টার দিকে গফরগাঁও পৌর এলাকার কলেজ রোডের নিজ বাড়ি মোতালেব প্লাজা থেকে ব্যবসায়ী মোতাবেল মিয়ার ছেলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ কর্মী মো. রাজিব মিয়া (৪১) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দুটি পিস্তল, ৭ রাউন্ড তাজা গুলি, ১২ রাউন্ড কার্তুজ, ১০০পিস ইয়াবা, ১টি সুইস গিয়ার, চাকু উদ্ধার করা হয়েছে। এছাড়াও রাজিবের বাসার সিড়িতে রক্ত পাওয়া গেছে। পুলিশ বলছে আটক রাজিব ও নিহত রবিন দুজনেই ছাত্রলীগ ও যুবলীগের সক্রিয় কর্মী ছিল। তাদের দুজনের মধ্যে রাজনৈতিক দ্বন্দ ছিল। দ্বন্দের জের ধরেই এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। রাজিবকে আটককালে তার বাসার সিড়িতে রক্ত ছিল।

প্রত্যক্ষদর্শী, নিহত পরিবারের লোকজন ও রবিনের বন্ধুদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার ছিল নাহিয়ান রবিনের ২৩তম জন্মদিন। এ উপলক্ষে সোমবার রাত ১২টা ১ মিনিটে গফরগাঁও পশু হাসপাতাল রোডের বউ বাজারের পাশেই কেক কাটার আয়োজন করেন তাঁর বন্ধুরা।