কুষ্টিয়ায় দুই মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড তিন গ্রাম

প্রকাশ : ১১ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার খোকসায় হঠাৎ ২ মিনিটের ঝড়ে ৩টি গ্রাম লণ্ডভণ্ড হয়েছে। উপড়ে গেছে অসংখ্য গাছপালা। কেউ হারিয়েছে বসতঘর। কারো ক্ষতি হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানে। এছাড়াও কালের স্বাক্ষী শতবর্ষী বটগাছটিও উপড়ে পড়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার গোপকগ্রাম ইউনিয়নের সন্তোষপুর ও গোপকগ্রামসহ ৩ গ্রামের ওপর দিয়ে বয়ে গেছে এই ঝড়। ১৯৮৪ সালের পর এমন ঝড় আর দেখেনি গ্রামবাসী।

এলাকাবাসী জানিয়েছেন, বিকাল ৪টার দিকে হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকাতে থাকে। এরপর শুরু হয় বাতাস ও বজ্রপাত। একপর্যায়ে প্রকট শব্দে ও প্রবলবেগ ঝড় শুরু হয়। প্রায় দেড় থেকে দুই মিনিটের ঝড়ে ছোট-বড় অসংখ্য গাছ উপড়ে পড়ে। ৩টি গ্রামের কয়েক শত ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, বিদ্যালয়ের প্রাচীরসহ বিভিন্ন স্থাপনা ভেঙে তছনছ হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা আরও জানান, তারা এমন ঝড় বহুদিন দেখেননি। মুহূর্তেই সবকিছু ভেঙে শেষ হয়ে গেছে। কমবেশি সব বাড়িতেই ক্ষতি হয়েছে।

সন্তোষপুর গ্রামের তাঁতি ফরিদ শেখ জানান, ঝড়ে তার ঘরের ওপর একটি গাছ উপড়ে পড়ে তাঁত ভেঙে গেছে। আরও কিছু জিনিসপত্র ভেঙে প্রায় ছয় থেকে সাত লাখ টাকার ক্ষতি হয়েছে। স্থানীয় চায়না খাশংন বলেন, ঝড়ে বড়িঘরের অনেক কিছু শেষ হয়ে গেছে।

আমার থেকেও সব শেষ। স্বামী থেকেও নেই। দুইটি বাচ্চা আছে। এখন টাকাও নেই যে সব ঠিক করবো। সরকার যদি একটু আমাদের সহযোগিতা করতো তাহলে বাঁচতাম।

ঝড়ে ৩টি গ্রামে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন গোপকগ্রাম ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল আলিম সরদার। তিনি বলেন, মূহুর্তেই কয়েকশ ঘরবাড়ি ভেঙে গেছে, গাছপালা উপড়ে গেছে, তাঁতের ক্ষতি হয়েছে। সরকারের কাছে আর্থিক সাহায্যের কথা জানিয়েছেন তিনি। সরকার কিংবা বিত্তবানদের সহযোগীতায় আবারও ঘুরে দাঁড়াবে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা। এমনটায় প্রত্যাশা স্থানীয়দের।

খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন বলেন, ঝড়ে কয়েকটি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা শুনে আমি বুধবার সকালে সরেজমিনে পরিদর্শন করেছি। গাছ ভেঙে দুটি বাড়ির ওপর পড়েছে। তাঁতের মিল ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গাছ ভেঙে স্কুলের দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানকে ক্ষয়ক্ষতির তালিকা করতে বলেছি। তারা জমা দিলে ক্ষতিপূরণের জন্য সহায়তা করা হবে।