বগুড়ায় এসআইকে ছুরিকাঘাত করে মামলার নথি ছিনতাই
প্রকাশ : ১১ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বগুড়া প্রতিনিধি
বগুড়ায় পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) ছুরিকাঘাত করে তার কাছে থাকা মামলার নথিপত্র ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাত একটার দিকে শহরের ফুলদীঘি এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই পুলিশ কর্মকর্তার নাম মইনুল ইসলাম। তিনি বগুড়া মহানগরীর কৈগাড়ি পুলিশ ফাঁড়িতে কর্মরত। ছুরিকাহত মইনুল ইসলাম বর্তমানে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত একটার দিকে এসআই মইনুল ইসলাম মোটরসাইকেলে বনানী মোড় থেকে কৈগাড়ি পুলিশ ফাঁড়ির দিকে যাচ্ছিলেন। পথে ফুলদীঘি এলাকায় পেপসি কোম্পানির সামনে পৌঁছালে কয়েকজন দুবৃত্ত তাঁর গতিরোধ করে। একপর্যায়ে তারা তাঁর কাছে থাকা মামলার নথিপত্র ছিনিয়ে নেয় এবং ডান পায়ে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় মইনুল ইসলাম নিজেই একজন অটোরিকশাচালকের সহায়তায় হাসপাতালে গিয়ে ভর্তি হন। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও প্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। কী কারণে এসআই মইনুল ইসলামের ওপর হামলা চালানো হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
