স্কুলছাত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে মামলা
প্রকাশ : ১১ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার তিতাসে ছাদের উপর বখাটেদের আড্ডায় বাবার বাধার জের ধরে স্কুলে যাওয়ার পথে মেয়েকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে থানায় মামলা করেছে মা। বুধবার সকালে ভূক্তভোগীর মা তাছলিমা আক্তার বাদী হয়ে মামলাটি করেন। এর আগে মঙ্গলবার ভিটিকান্দি ইউনিয়নের রঘুনাথপুরে বেগম ফজিলাতুন্নেছা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়, পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, উপজেলার রঘুনাথপুর গ্রামের আবুল কাশেমের বাসার পূর্বপাশে নির্মাণাধীন বিল্ডিংয়ে অজ্ঞাতনামা কয়েকজন যুবক প্রায় আড্ডা দেয়। বিষয়টি তিনি দেখতে পেয়ে তাদের ঐখানে আড্ডা দিতে বারন করে। এদিকে, রবিবার বেগম ফজিলাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়ে স্কুলে যাওয়ার সময় ৪/৫জন যুবক তার বাবাকে অপমান অপদস্থ করবে বলে মেয়েকে হুমকি দেয় এবং তার সাথে অশোভন আচরণ করে। বিষয়টি এলাকায় জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এতে ঐযুবকরা আরো ক্ষিপ্ত হয় এবং মঙ্গলবার সকাল প্রায় সাড়ে ৮টায় স্কুলের আঙিনায় মেয়েটি পৌছলে এসময় ঐযুবকরা তাকে হানাহেচড়া করে। মেয়েটি চিৎকার-চেচামেচি করলে একজন যুবক বোতলের মধ্যে রাখা তরল পদার্থ তার শরীরে নিক্ষেপ করে। পদার্থটি শরীরে না লাগলেও পরিহিত হিজাব ও পোশাকের কিছু অংশ ঝলসে যায়। এসময় স্কুলের অন্যান্য শিক্ষার্থীরা এগিয়ে আসলে ঐযুবকরা দৌড়ে পালিয়ে যায়।
মামলার বাদী তাছলিমা আক্তার বলেন, আমার মেয়ে ছেলেগুলোকে চিনে না। তবে সামনে আনলে সে চিনতে পারবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান ভূঁইয়া জানান, ঘটনাটি উদ্বেগজনক। বিষয়টি জানার পর আমি মেয়েটির সাথে কথা বলেছি। সে ঐযুবকদের চেনে না। যেহেতু বিদ্যালয়ের আঙিনার মধ্যে এ ঘটনা সেহেতু বিষয়টি থানায় অবগত করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে এবং বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি।” আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে”।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিরুল হক বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীর মা মামলা দায়ের করেছেন। নিক্ষেপ করা পদার্থটি নিশ্চিতভাবে অ্যাসিড কি না, তা এখনো বলা যাচ্ছে না। তবে এটি কোনো দাহ্য বা ক্ষয়কারী রাসায়নিক পদার্থ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এর ফলে শিক্ষার্থীর হিজাব ও পোশাকের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তা আমরা জব্দ করেছি। তিনি আরো বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
