দুর্গাপুরে মাদক মামলার সামারি ট্রায়াল
প্রকাশ : ১২ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
মাদকসেবন ও মাদকসংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সামারি ট্রায়াল কার্যক্রম শুরু করেছে দুর্গাপুর চৌকি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। গত বুধবার আদালতে গিয়ে খোঁজ নিয়ে এসব তথ্য জানা গেছে।
আদালত সূত্রে জানা যায়, গত এক মাসে দুর্গাপুর থানা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেফতার হওয়া আসামিদের বিরুদ্ধে দায়ের হওয়া চারটি পৃথক মামলার তাৎক্ষণিক সামারি ট্রায়াল অনুষ্ঠিত হয়। সামারি ট্রায়াল শেষে আদালত ৬ জন আসামিকে দোষ স্বীকারের ভিত্তিতে ৩ মাস থেকে ১ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন। ওই সামারি ট্রায়াল আদালত পরিচালনা করেন দুর্গাপুর চৌকি আদালতের বিজ্ঞ বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল আমিন ভূঁইয়া।
আদালত সংশ্লিষ্টজন জানান, সীমান্তবর্তী উপজেলা হওয়ায় দুর্গাপুরে মাদকের সহজলভ্যতা তুলনামূলক বেশি, ফলে মাদকসেবীদের উপদ্রবও লক্ষণীয়। অনেক ক্ষেত্রে মাদকাসক্ত সন্তানের অসদাচরণ ও নির্যাতনের শিকার হয়ে পিতা-মাতা নিজ সন্তানের বিরুদ্ধেই আদালতে মামলা করতে বাধ্য হচ্ছেন। এসব মামলার সামাজিক ও পারিবারিক সংবেদনশীলতা বিবেচনায় দ্রুত বিচার নিশ্চিত করার লক্ষ্যে ফৌজদারি কার্যবিধি ২৬০ ধারা অনুযায়ী সংক্ষিপ্ত বিচার পদ্ধতি অনুসরণ করা হচ্ছে।
