মাদ্রাসাছাত্রকে বলাৎকারে ব্যর্থ হয়ে হত্যার চেষ্টা অভিযুক্ত শিক্ষক পলাতক
প্রকাশ : ১২ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের চেষ্টা এবং পরবর্তীতে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। মুমূর্ষু অবস্থায় ওই ছাত্রকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার টঙ্গীবাড়ী থানার সোনারং ইউনিয়নের পশ্চিম সোনারং এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন। অভিযুক্ত শিক্ষকের নাম হাফেজ লোকমান হোসেন। তিনি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চর শশীভূষণ এলাকার বাসিন্দা। লোকমান হোসেন সোনারং পুরাতন জামে মসজিদের ইমাম এবং একই এলাকার খিলপাড়া সুন্নাতুল মদিনা মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত। ভুক্তভোগী কিশোর ওই মাদ্রাসারই ছাত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম সোনারং এলাকার একটি নির্জন স্থানে ওই ছাত্রকে বলাৎকারের চেষ্টা করেন শিক্ষক লোকমান হোসেন। ছাত্রটি এতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে লোকমান হোসেন সঙ্গে থাকা ধারালো ছুরি দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে গলায় আঘাত করেন। এ সময় ছাত্রটির চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত শিক্ষক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় ভুক্তভোগীকে উদ্ধার করে প্রথমে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে সে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ জানান, অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারের জন্য পুলিশের বিশেষ অভিযান চলমান।
