যমুনায় পানি বাড়ছে ভেঙে গেছে তীররক্ষা বাঁধ

প্রকাশ : ১২ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  এস,এম তফিজ উদ্দিন, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি আকস্মিকভাবে বাড়ছে। সেইসাথে কয়েকটি স্থানে ভাঙন শুরু হয়েছে। এরমধ্যেই চৌহালীতে প্রায় ১০০ মিটার যমুনার তীর সংরক্ষণ বাঁধ ভেঙে গেছে। এ ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কাজ করছে। ২৪ ঘণ্টায় যমুনার পানি ৫৬ সে. মিটার বাড়ছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (হেডকোয়ার্টার) নাজমুল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রায় সপ্তাহ ধরে দফায় দফায় প্রবল বর্ষণ হচ্ছে ও পাহাড়ী ঢলে যমুনা নদীর পানি বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ পয়েন্টে ২৯ ও কাজিপুর পয়েন্টে ২৭ সেঃ মিটার পানি বাড়ছে। এতে যমুনা নদীর নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। বর্ষণ ও পানি বৃদ্ধি অব্যাহত থাকায় যমুনা নদীর চর এলাকার বেশ কয়েকটি স্থানে ভাঙন শুরু হয়েছে। বিশেষ করে চৌহালী উপজেলার চর সলিমাবাদ এলাকার কয়েকটি স্থানে প্রায় ১০০ মিটার যমুনার তীর সংরক্ষণ বাঁধ ভেঙে গেছে। এ ভাঙন রোধে এরমধ্যেই সেখানে জিওব্যাগ নিক্ষেপ করা হচ্ছে। চৌহালীর দায়িত্বপ্রাপ্ত পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মওদুদ আহম্মেদ সবুজ বলেন, যমুনায় পানি বৃদ্ধি, ঢেউ, স্রোত ও নদীর তলদেশে ঘূর্ণাবর্তের কারণে এ ভাঙন দেখা দিয়েছে। এ ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধানের জরুরিভিত্তিতে দিনরাত কাজ করা হচ্ছে। এখনও ওই এলাকায় ভাঙনের আশঙ্কা কাটেনি। তবে পানি বৃদ্ধি ও বর্ষণ না হলে ২/১ দিনের মধ্যেই এ ভাঙন কমে যাবে। এদিকে যমুনার পানি ক্রমাগতভাবে বাড়ছে এবং যমুনার তীরবর্তী শাহজাদপুর, কাজিপুর, বেলকুচি, চৌহালী ও সিরাজগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের বিভিন্ন স্থানে এ ভাঙা শুরু হয়েছে। ভাঙনে এরমধ্যেই বহু জায়গা জমি যমুনা গর্ভে বিলীন হয়েছে। এ বিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান এ প্রতিবেদককে বলেন, পউর্ধতন কর্মকর্তারা চৌহালীর ভাঙন এলাকা পরিদর্শন করেছেন এবং এ ভাঙন রোধে সেখানে জরুরিভিত্তিতে কাজ চলছে বলে তিনি উল্লেখ করেন।