মুক্তাগাছার লোকমান হত্যার আসামি আশুলিয়ায় গ্রেপ্তার

প্রকাশ : ১৩ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের মুক্তাগাছায় চাঞ্চল্যকর লোকমান হোসেন হত্যা মামলার অন্যতম পলাতক আসামি মো. দীপ্তকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। র‍্যাব-১৪ সূত্রে জানা যায়, মুক্তাগাছা থানায় দায়ের করা আলোচিত লোকমান হোসেন হত্যা মামলার অন্যতম আসামি দীপ্তকে গ্রেপ্তারে র‍্যাব গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে সিপিএসসি, র‍্যাব-১৪ ময়মনসিংহের একটি আভিযানিক দল সিপিসি-২, র‍্যাব-৪ নবীনগর, ঢাকার সহযোগিতায় আশুলিয়া থানার জিরানী পুকুরপাড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, নিহত লোকমান হোসেনের স্বজন রওশনারা বেগম স্থানীয় এক নারী পারুলের কাছ থেকে ৫ হাজার টাকা ধার নেন। নির্ধারিত সময়ে টাকা পরিশোধ করতে না পারায় উভয়ের মধ্যে বাকবিতণ্ডা ও বিরোধের সৃষ্টি হয়। এর জেরে গত ১ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে মুক্তাগাছা উপজেলার বাঁশাটি ইউনিয়নের জগন্নাথবাড়ী এলাকায় নিহতের মেয়ের বাড়ির উঠানে সংঘবদ্ধভাবে হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, ধৃত দীপ্তসহ এজাহারভুক্ত অন্যান্য আসামিরা রওশনারা, মীম ও লোকমান হোসেনকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। পরে আশঙ্কাজনক অবস্থায় লোকমান হোসেনকে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে ৪ এপ্রিল মুক্তাগাছা থানায় হত্যা মামলা করেন। ঘটনার পর থেকেই প্রধান অভিযুক্তরা আত্মগোপনে চলে যায় এবং বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়ানোর চেষ্টা করে।