উখিয়ায় পাঠাগার পুনরায় চালু

প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় শিশু-কিশোরদের মধ্যে জ্ঞানচর্চা, পাঠাভ্যাস ও সৃজনশীল বিকাশে সহায়ক পরিবেশ নিশ্চিত করতে সংস্কারকৃত উপজেলা পাঠাগার ও শিশু বিকাশ কেন্দ্র পুনরায় চালু করা হয়েছে। একইসঙ্গে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিমুখী করে তুলতে আয়োজন করা হয়েছে উদ্ভাবনভিত্তিক বিভিন্ন কর্মসূচি।

গতকাল শনিবার উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংস্কারকৃত উপজেলা পাঠাগার ও শিশু বিকাশ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, সুধীজন ও শিক্ষার্থীরা অংশ নেন।

বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগে বই পড়ার অভ্যাস ধরে রাখা এবং শিশুদের সৃজনশীল বিকাশে পাঠাগারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন বন্ধ থাকার পর পাঠাগারটি সংস্কার করে পুনরায় উখিয়াবাসীর জন্য উন্মুক্ত করা হয়েছে, যা শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও গবেষণার সুযোগ আরও সম্প্রসারিত করবে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে সপ্তাহে পাঁচ দিন প্রতিদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পাঠাগারটি খোলা থাকবে। পাশাপাশি পাঠাগারের সংগ্রহ সমৃদ্ধ করতে নতুন বই সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে। অপর এক অনুষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৫ জন সদস্যের মাঝে সেলাই মেশিন, ৮ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়। এদিকে একই দিনে উপজেলা পরিষদ চত্বরে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানমনস্কতা বিকাশে ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি’ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউএনও রিফাত আসমা। কর্মসূচিটির প্রতিপাদ্য ছিল ‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ।’ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের বিজ্ঞানভিত্তিক প্রকল্প, উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তিনির্ভর উদ্যোগ উপস্থাপন করেন।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের কর্মসূচি নতুন প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের প্রতি আরও আগ্রহী করে তুলবে এবং ভবিষ্যতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।