৪০ কেজি গাঁজাসহ তিন কারবারি গ্রেপ্তার
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সাভার প্রতিনিধি
রাজধানীর উপকন্ঠ সাভারে ৪০ কেজি গাঁজাসহ তিনজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানার আমিনবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বাসিন্দা রাশিদ মিয়া (৩১), বাবুল মিয়া (২৯) এবং তুষার মিয়া (৩২)।
পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের সার্বিক নির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (জেলা গোয়েন্দা শাখা-ডিবি) জাহিদুল ইসলাম খানের তত্ত্বাবধানে শুক্রবার রাত ২টার দিকে সাভারের আমিনবাজার এলাকায় ডিবি উত্তর-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া, তাদের হেফাজত থেকে মোট ৪০ কেজি গাঁজা উদ্ধারের পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। পুলিশ আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে ঢাকা জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।
