মামলা প্রত্যাহারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট সদরের বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাদল মোড়ল হত্যায় স্থানীয় জামায়াত শিবিরের নেতা-কর্মীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। গতকাল শনিবার শহরের দশানী সার্কিট হাউজ মোড় এলাকা থেকে মিছিলটি বের হয়ে বাগেরহাট-বরিশাল মহাসড়কসহ শহরের বিভিন্ন সড়ক ঘুরে দশানী ট্রাফিক আইল্যান্ডে এসে শেষ হয়। মিছিলে জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, নায়েবে আমির এ্যাড, শেখ আব্দুল ওয়াদুদ , স্থানীয় সংসদ সদস্য শেখ মন্জুরুলহক রাহাদসহ জামায়াত শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

জানা গেছে, গত ১০ জুন বাগেরহাটের বারুইপাড়া ইউনিয়নে কৃষক দল নেতা বাদল মোড়ল নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে বারুইপাড়া বাজারে জামায়াতে ইসলামী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যালয়সহ বিভিন্ন নেতাকর্মীর বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনার পর দায়ের করা মামলায় জামায়াতের নেতাকর্মীদের আসামি করা হয়েছে বলে অভিযোগ করেন দলটির নেতারা।