মোটরসাইকেল শোভাযাত্রায় ব্রাজিল সমর্থকের মৃত্যু

প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ব্রাজিল ফুটবল দলের সমর্থনে আয়োজিত মোটরসাইকেল শোভাযাত্রায় যোগ দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকালে ভোলা-চরফ্যাশন সড়কের বোরহানউদ্দিন উপজেলার টগবী ইউনিয়নের মনসুর আলী দালাল বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. ইসমাইল (২৫) কুঞ্জেরহাট এলাকার চৌকিদার বাড়ির বাসিন্দা এবং মো. মাকসুদের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণকারী ব্রাজিল দলের সমর্থনে শনিবার বোরহানউদ্দিন উপজেলা থেকে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বোরহানউদ্দিন থেকে কুঞ্জেরহাট উপশহরের উদ্দেশ্যে রওয়ানা হয়ে উদয়পুর রাস্তার মাথায় পৌঁছায়। এ সময় কুঞ্জেরহাট থেকে মোটরসাইকেলযোগে শোভাযাত্রায় অংশ নিতে আসেন মো. ইসমাইল। টগবী ইউনিয়নের উদয়পুর রাস্তার মাথার কাছে শোভাযাত্রার সঙ্গে যুক্ত হওয়ার সময় তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা ব্লকের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে শোভাযাত্রায় থাকা অন্যরা দ্রুত তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।