প্যাপিরাস পাঠাগারের সাহিত্য আড্ডা
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চাঁদপুর প্রতিনিধি
বাংলাসাহিত্যের ক্ষণজন্মা কথাশিল্পী সোমেন চন্দ স্মরণে সাহিত্য আড্ডা ও আলোচনা সভার আয়োজন করেছে প্যাপিরাস পাঠাগার। গতকাল শনিবার বিকালে চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ প্যাপিরাস পাঠাগার কার্যালয়ে এ আড্ডার আয়োজন করা হয়।
পাঠাগারের সভাপতি ও বাঁশি উৎসবের রূপকার অ্যাডভোকেট রফিকুজ্জামান রণির সভাপতিত্বে, প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপনের সঞ্চালনায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সামাজিক সংগঠন ইয়ূথ ফোরাম বাংলাদেশের কো-অর্ডিনেটর ও ওয়েলফেয়ার এন্ড এম্পাওয়ারমেন্ট ফাউন্ডেশন (ওয়েফ)-এর প্রোগ্রাম ডিরেক্টর রোটারিয়ান অ্যাডভোকেট আলেয়া বেগম লাকী। তিনি বলেন, সোমেন চন্দের মতো গুণী লেখককে ঘিরে আয়োজিত অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে খুব সৌভাগ্যবান মনে হচ্ছে। তিনি কতটা শক্তিশালী লেখক হলে মৃত্যুর প্রায় সুদীর্ঘ ৮৫ বছর পরও আমরা তাকে স্মরণ করছি আজ।
অনুষ্ঠান কথাশিল্পী সোমেন চন্দণ্ডএর ‘জীবন ও সাহিত্য’ সম্পর্কে আলোচনা করেন, পাঠাগারের সাধারণ সম্পাদক আইরিন সুলতানা লিমা, উপদেষ্টা দিলীপ ঘোষ, উপ-সভাপতি ফেরারী প্রিন্স, নির্বাহী সদস্য নাজুমল ইসলাম, শিক্ষক মানসুরা বেগম আছমা, দৈনিক মুক্তির লড়াই পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি মাইনুদ্দিন জীবন, সাহিত্যানুরাগী আকবর হোসেন লিটন, লিজা ইসলাম জুজু, মনির হোসেন খান।
বাঁশি উৎসবের রূপকার অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি বলেন, ক্ষণজন্মা কথাশিল্পী সোমেন চন্দ মাত্র ২২ বছর বয়সে বাংলাসাহিত্যের কালোত্তীর্ণ একজন কথাসাহিত্যিকের আসনে অধিষ্ঠিত হয়েছেন। আজ থেকে প্রায় ৮৫ বছর আগে তার মৃত্যু হয়। এতো বছর পরেও বাংলাসাহিত্যের পাঠক তাকে মনে রেখেছে।
