মাদক নির্মূল ও যানজট নিরসনে সমন্বিত উদ্যোগ

প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ফরিদপুর প্রতিনিধি

মাদক নির্মূল, যানজট নিরসন, হাসপাতালকেন্দ্রিক দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ এবং সড়ক দুর্ঘটনা কমাতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে ফরিদপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটি। জননিরাপত্তা ও সুশাসন নিশ্চিত করতে চারটি গুরুত্বপূর্ণ খাতে কঠোর পদক্ষেপ বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল রোববার সকাল ১০টা ১০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, জামায়াত নেতা প্রফেসর আবদুত তাওয়াব, মহানগর বিএনপির আহ্বায়ক এফ এম কাইয়ুম জঙ্গিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা। সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় পুলিশ, র‌্যাব ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। মাদক কারবারিদের বিরুদ্ধে চলমান অভিযান বেগবান করতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। ফরিদপুর শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ইজিবাইক ও অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ন্ত্রণ, অবৈধ পার্কিং বন্ধ এবং ফুটপাত দখলমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে নগরবাসীর চলাচলে স্বস্তি ফিরবে। স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অভ্যন্তরে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং দালালচক্রের তৎপরতা বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। রোগীদের নির্বিঘ্ন ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

এ ছাড়া সড়ক দুর্ঘটনা হ্রাসে জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে স্পিডব্রেকার, সতর্কতামূলক সাইনবোর্ড এবং আধুনিক ট্রাফিক সিগন্যাল স্থাপনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। সচেতনতার পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নকে সড়ক নিরাপত্তা নিশ্চিত করার অন্যতম পূর্বশর্ত হিসেবে উল্লেখ করেন বক্তারা।

সভায় বক্তারা বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং নাগরিক সেবার মান বৃদ্ধিতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও বিভিন্ন সরকারি বিভাগের মধ্যে কার্যকর সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি বলেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে ফরিদপুরকে আরও নিরাপদ, সুশৃঙ্খল ও বাসযোগ্য জেলায় পরিণত করা সম্ভব। সভায় গৃহীত চার দফা কর্মপরিকল্পনা বাস্তবায়িত হলে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্যসেবা ও নগর ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।