সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আতাউর রহমান (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের উপজেলার প্রাগপুর ইউনিয়নের মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আতাউর রহমান উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গরুড়া ফুটানিপাড়া গ্রামের মৃত উজির বিশ্বাসের ছেলে।
আহতরা হলেন-উপজেলার কৈপাল এলাকার শুভ হোসেন (৩৫) ও হুমায়ুন কবির (২১)। তাদের মধ্যে শুভ হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
