মোবাইল ফোন বিস্ফোরণে ব্যবসায়ীর মৃত্যু
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
আশুলিয়ায় দুটি মোবাইল ফোন চার্জ অবস্থায় চাপাচাপি করার সময় বিস্ফোরণে মিজানুর রহমান নামের এক স্টকলট ব্যবসায়ী দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আশুলিয়ার রশিদ মার্কেট এলাকার আলীমের বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় পুরো ঘরে আগুন ধরে যায়। দগ্ধ মিজানুর রহমান ফেনির ছাগলনাইয়া থানাধীন সিদ্দিক ভেন্ডার এলাকার বাসিন্দা। তিনি আশুলিয়ার সোনিয়া মার্কেট এলাকায় স্টক লটের ব্যবসা করতেন। আবুল হোসেন মুন্সী নামে স্থানীয় একজন জানান, নিহত মিজানুর রহমান, এই এলাকার আলীমের বাসার নিচ তলায় একটা কক্ষ ভাড়া নিয়ে ব্যবসা করতেন। শনিবার রাতে হঠাৎ বিকট শব্দ শুনতে পান এবং বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে শুনেন। পরে আশপাশের লোকজন এসে তার রুমের বারান্দার তালা ভেঙে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়, গতকাল দুপুরের খবর তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি আরও বলেন ’আহত অবস্থায় মিজানুরের সাথে কথা বলে জানতে পারি তিনি দুটি মোবাইল চার্জে রেখে চাপাচাপি করছিলেন। এমন অবস্থায় একটি মোবাইল বিস্ফোরণ ঘটে তার শরীরের পুরো অংশ ঝলসে যায় এসময় বিস্ফোরণে ওই কক্ষে আসবাবপত্র কিছু অংশ পুড়ে যায় এবং মোবাইলের পোড়া কিছু অংশ রুমের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পরে থাকতে দেখি।’
