চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আইসিইউ উদ্বোধন

প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে দীর্ঘ প্রতীক্ষার পর নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে দেশের আরও নয়টি জেলা সদর হাসপাতালে নবস্থাপিত আইসিইউ ইউনিটেরও উদ্বোধন করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব আইসিইউ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

গতকাল রোববার নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানের মাধ্যমে একযোগে দেশের ১০টি জেলা হাসপাতালে আইসিইউ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিল বাকি নয়টি হাসপাতাল।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জরুরি রেসপন্স ও মহামারি প্রস্তুতি (ইআরপিপি) প্রকল্পের আওতায় স্থাপিত প্রতিটি আইসিইউ ইউনিটে পেডিয়াট্রিক ভেন্টিলেটর, অক্সিজেন কনসেন্ট্রেটরসহ প্রয়োজনীয় আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। একই সঙ্গে ইউনিটগুলো পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবলও নিয়োগ দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, নতুন এসব আইসিইউ চালুর ফলে জেলা পর্যায়ে শিশু ও প্রাপ্তবয়স্ক জটিল রোগীদের উন্নতমানের ক্রিটিক্যাল কেয়ার সেবা নিশ্চিত করা সম্ভব হবে। এতে গুরুতর রোগীদের চিকিৎসার জন্য রাজধানী বা বড় শহরের হাসপাতালের ওপর চাপ কমবে এবং স্থানীয় পর্যায়েই দ্রুত ও কার্যকর চিকিৎসাসেবা পাওয়া যাবে। স্বাস্থ্য খাত সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, জেলা পর্যায়ে আইসিইউ সুবিধার সম্প্রসারণ দেশেরয় স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি জরুরি পরিস্থিতি ও মহামারি মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধিতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্বব্যাংকের সহায়তায় বাস্তবায়িত জরুরি রেসপন্স ও মহামারি প্রস্তুতি (ইআরপিপি) প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন অঞ্চলে স্বাস্থ্যসেবার অবকাঠামো ও সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে ১০টি জেলা হাসপাতালে আধুনিক আইসিইউ স্থাপন করা হয়েছে।

কর্মকর্তারা বলছেন, জেলা পর্যায়ে আইসিইউ সেবা সম্প্রসারণের ফলে জরুরি চিকিৎসা ব্যবস্থার সক্ষমতা বাড়বে এবং মহামারি ও দুর্যোগকালীন প্রতিক্রিয়া আরও কার্যকর হবে। এদিকে, উদ্বোধনের আয়োজনে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল কর্তৃপক্ষ সম্মেলন কক্ষ থেকে হাসপাতালের কর্মকর্তাসহ ভার্চুয়ালি যুক্ত ছিলো রাজনৈতিক নেতারাও। উদ্বোধনের পরে অতিথিরা হাসপাতালের নতুন ভবনের সপ্তম তলায় স্থাপিত আইসিইউ ইউনিট পরিদর্শন করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসিইউ কার্যক্রমের সূচনা করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। তিনি বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর আইসিইউ চালু হওয়া জেলার স্বাস্থ্যসেবায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন।