বাজেট বরাদ্দে পিছিয়ে কবি নজরুল বিশ্ববিদ্যালয়

প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) মোট ১২ হাজার ৩০০ কোটি ৪ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। এর মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য বরাদ্দ রাখা হয়েছে ১২ হাজার ১ কোটি ৮২ লাখ টাকা।

অনুমোদিত বাজেট অনুযায়ী, দেশের অন্যতম বৃহৎ সাধারণ বিশ্ববিদ্যালয়গুলোর তুলনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় তুলনামূলকভাবে কম রাজস্ব বরাদ্দ পেয়েছে। বিশ্ববিদ্যালয়টির জন্য ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব খাতে বরাদ্দ রাখা হয়েছে ৭৫ কোটি ২০ লাখ টাকা। তালিকায় দেখা যায়, একই সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পেয়েছে ১৮৬ কোটি ৬০ লাখ টাকা, ইসলামী বিশ্ববিদ্যালয় ১৮৮ কোটি ৪০ লাখ টাকা এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৮৬ কোটি ৬৬ লাখ টাকা। এমনকি অপেক্ষাকৃত নতুন কয়েকটি বিশ্ববিদ্যালয়ও নজরুল বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি বা তার চেয়ে বেশি বরাদ্দ পেয়েছে। অন্যদিকে, দেশের সর্বোচ্চ রাজস্ব বাজেট পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, যার পরিমাণ ৯৪৯ কোটি ৩৬ লাখ টাকা। এরপর রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (৫৪৩ কোটি ৫৮ লাখ টাকা), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (৫০৩ কোটি ৪৭ লাখ টাকা) এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (৩৪৮ কোটি ৭০ লাখ টাকা)। ইউজিসি সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছর থেকে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা খাতের ২০০ কোটি টাকা ইউজিসির বাজেটের সঙ্গে একীভূত করা হয়েছে। ফলে ইউজিসির গবেষণা খাতে মোট বরাদ্দ দাঁড়িয়েছে ২২৬ কোটি টাকা।