ঘরে ঢুকে ব্যবসায়ীর স্ত্রী সন্তানকে ছুরিকাঘাত
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ শহরের জমিদারপাড়া এলাকায় কাপড় ব্যবসায়ীর ঘরে ঢুকে তার স্ত্রী ও মেয়েকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগে শান্ত (২৩) নামের একই এলাকার যুবককে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয়রা।পরে তার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। মামলার তথ্য নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম। রোববার সকাল সাড়ে ৯টার দিকে শহরের জমিদারপাড়া এলাকায় ব্যবসায়ী ও সৌদি আরব প্রবাসী জনি ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- জনি ইসলামের স্ত্রী রিতা মণি ইসলাম (৩০) এবং তাদের মেয়ে স্কুল শিক্ষার্থী জান্নাতুল ইসলাম রিধি (১১)। জনি ইসলাম অভিযোগ করে জানান, প্রতিদিনকার মত সকাল সাড়ে ৯টার দিকে বাইরে থেকে শব্দ পেয়ে গৃহশিক্ষক মনে করে আমার মেয়ে দরজা খুলে দেয়। আমি সেসময় টয়লেটে ছিলাম। দরজা খোলার সাথে সাথে আমার মেয়েকে ছুরিকাঘাত করে শান্ত। আমি ধরলে আমার হাতেও আঘাত করে। এর আগেও দুইবার বিচার-সালিশ হয়েছে। ডাকাতি করার উদ্দেশ্যে ও আমার বাড়িতে ঢুকেছে।
