নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার
বাড়িতে আগুন, প্রশাসনের গাড়ি ভাঙচুর আটক ১, আহত ১০
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আরিফুর রশীদ, লালমনিরহাট

নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্তের বাড়িতে আগুন ও প্রশাসনের গাড়ি ভাঙচুর করেছে উত্তেজিত জনতা। গতকাল মঙ্গলবার সকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে নন্দিনী (৭) নামের লাশ উদ্ধার করা হয়। এর আগে সোমবার দুপুরে শিশুটি নিখোঁজ হয়। নন্দিনী ওই গ্রামের নলিনী কান্তের মেয়ে। অভিযুক্ত প্রতিবেশী রঞ্জিত চন্দ্রের ছেলে বিধান চন্দ্রকে (২৩) আটক করেছে পুলিশ।
এদিকে লাশ উদ্ধারের পর ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় উত্তেজিত জনতা ওই প্রতিবেশি রঞ্জিত চন্দ্রের ছেলে বিধান চন্দ্র (২৩) এর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এসময় পরিবারের লোকজন বাড়িতেই ছিলেন। আগুনে কয়েকটি ঘর মালামালসহ পুড়ে যায়। বাড়ির লোকজন আশ্রয় নেন আরেক ঘরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও স্থানীয় উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়ি ঘেরাও করে রাখেন। আগুনে পোড়া বাড়িতেই লোকজন আটকা পড়েন। থানা পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে এলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি। উল্টো ডিসি - এসপিসহ পুলিশের গাড়ির গ্লাস ভাংচুর করে উত্তেজিত জনতা। স্থানীয় সাংবাদিকদেরও স্থির চিত্র ও ভিডিও চিত্র ধারন করতে বাধা দেওয়া হয়। এ ঘটনায় পুলিশ ও সাংবাদিকসহ আহত হয়েছেন ১০জন। পরে ঘণ্টার পর ঘণ্টা স্থানীয় উত্তেজিত জনতাকে বুঝিয়ে কোনো কাজ না হওয়ায় ঘটনার ৫ঘণ্টা পর কয়েক রাউন্ত সাউন্ড গ্রেনেট নিক্ষেপ করে জনতাকে ছত্রভঙ্গ করে দেন পুলিশ।
শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আগুনে পোড়া বাড়িতে অবরুদ্ধ থাকা অভিযুক্ত লোকজনকে উদ্ধার করে থানা হেফাজতে নেন পুলিশ।
অপরদিকে ঘটনার আগেরদিন এই ঘটনায় লিখিত অভিযোগ গ্রহণ না করার দায়ে ক্লোজ করা হয়েছে আদিতমারী থানার ওসি নাজমুল হককে। পুলিশ ও স্থানীয়রা জানান, সোববার দুপুর থেকে হঠাৎ নন্দিনীকে খুঁজে পাচ্ছিল না তার পরিবার। অনেক খোঁজাখুজি করেও সন্ধান মেলেনি। সকালেও অনুরুপ ভাবে খোঁজ চালায় তার পরিবার ও স্থানীয়রা। পরে রাতে আদিতমারী থানায় এ ঘটনায় লিখিত অভিযোগ দিতে গেলে পুলিশ খুঁজে দেখার কথা বলে লিখিত অভিযোগটি না নিয়ে ফিরিয়ে দেন বলে অভিযোগ করেন শিশুটির বাবা নলিনী কান্ত। এদিকে গতকাল মঙ্গলবার সকালে খোঁজাখুঁজির এক পর্যায়ে তার বাড়ির পাশে একটি ভুট্টা ক্ষেতে নরম মাটি দেখে তাদের সন্দেহ হয়। এরপর ওই নরম মাটির গর্ত খুঁড়ে নন্দিনীর বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। লালমনিরহাট পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, খবর পাওয়ার পর থেকেই পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে । লাশ লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারন অনুসন্ধানে কাজ করছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে উত্তেজিত জনতাকে সরিয়ে আগুনে পোড়া বাড়িতে অবরুদ্ধ থাকা লোকজনকে উদ্ধার করা হয়েছে। এঘটনায় রঞ্জিত চন্দ্রের ছেলে বিধান চন্দ্রকে (২৩) আটক করে থানায় নিয়েছে পুলিশ। পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান জেলা পুলিশের শীর্ষ এ কর্মকর্তা।
