চারঘাট পৌরসভার বাজেট ঘোষণা
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর চারঘাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৫৬ কোটি ৫৪ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় চারঘাট পৌরসভার আয়োজনে পৌরসভা হলরুমে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। নতুন অর্থবছরের এই বাজেটে নাগরিক সেবার মানোন্নয়ন, আধুনিক অবকাঠামো নির্মাণ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌর এলাকা গড়ে তোলা এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। পৌরবাসীর ওপর নতুন কোনো করের বোঝা না চাপিয়েই জনবান্ধব ও উন্নয়নমুখী এই বাজেট প্রণয়ন করা হয়েছে।
চারঘাট পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে উম্মুক্ত বাজেট পেশ করেন উচ্চ মান সহকারী ফায়সাল ইসলাম। পৌরসভার সহকারী প্রকৌশলী মজিবর রহমান এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক রেজা, চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেক, উপজেলা প্রকৌশলী রতন কুমার, সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উন্নয়ন, সুশাসন ও নাগরিক সেবাকে প্রাধান্য দিয়ে ঘোষিত চারঘাট পৌরসভার নতুন বাজেটকে স্বাগত জানিয়েছেন পৌরবাসী। এখন সবার প্রত্যাশা, পরিকল্পিত উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়নের মাধ্যমে চারঘাট পৌরসভা আরও আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে পরিণত হবে।
