কুষ্টিয়ার পালকি চত্বরে গ্যারেজ, ক্ষুব্ধ শহরবাসী
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
এ.এইচ.এম.আরিফ, কুষ্টিয়া

কুষ্টিয়া পৌরসভার অন্যতম দর্শনীয় স্থান হিসেবে এক সময় পরিচিত ছিল পৌর অডিটোরিয়াম চত্বরের নান্দনিক ‘পালকি’ স্থাপত্য। নগরবাসীর অবসর যাপন, দর্শনার্থীদের আকর্ষণ এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই স্থানটি বর্তমানে পৌরসভার যানবাহনের গ্যারেজে পরিণত হয়েছে।
তথ্য অনুযায়ী, ২০০৭ সালের ২০ জুলাই কুষ্টিয়ার বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও বিআরবি গ্রুপের চেয়ারম্যান মুজিবুর রহমান প্রধান অতিথি হিসেবে কুষ্টিয়া পৌরসভার অডিটোরিয়াম উদ্বোধন করেন। পরে ২০০৯ সালের ১৭ এপ্রিল পৌরসভার সৌন্দর্যবর্ধন এবং জনসাধারণের বিনোদনের উদ্দেশ্যে নির্মাণ করা হয় নান্দনিক ‘পালকি’ স্থাপত্য।
স্থানীয়দের ভাষ্য, এক সময় কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ এই স্থাপত্য দেখতে আসতেন। অডিটোরিয়ামকে কেন্দ্র করে অনুষ্ঠিত হতো সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও সামাজিক আয়োজন। পরিবার-পরিজন নিয়ে অনেকে সেখানে সময় কাটাতেন এবং ছবি তুলতেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পরিস্থিতির পরিবর্তন ঘটেছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের। বর্তমানে পৌরসভার বিভিন্ন কাজে ব্যবহৃত গাড়ি, ময়লাবাহী ট্রাক, মল নিষ্কাশনকারী যান, রোড রোলারসহ বিভিন্ন যানবাহন পালকি স্থাপত্য ও অডিটোরিয়াম চত্বরের আশপাশে রাখা হচ্ছে। দীর্ঘদিন ধরে কিছু অচল যানবাহনও সেখানে পড়ে থাকতে দেখা গেছে। সম্প্রতি সরেজমিন গিয়ে দেখা যায়, এক সময়ের পরিচ্ছন্ন ও আকর্ষণীয় চত্বরজুড়ে বিভিন্ন ধরনের যানবাহন পার্কিং করা রয়েছে। বেশ কয়েকটি স্থানে আবর্জনা ও অপরিচ্ছন্ন পরিবেশও চোখে পড়ে। স্থানীয় এক বাসিন্দা জহিরুল হক বলেন, এখানে এক সময় বিকেলে অনেক মানুষ আড্ডা দিত, শিশুদের নিয়ে ঘুরতে আসত। এখন গাড়ির ভিড়ে সেই পরিবেশ আর নেই। অনেক সময় দুর্গন্ধও পাওয়া যায়। কুমারখালী থেকে আসা এক দর্শনার্থী রুবেল বলেন, পৌরসভার পরিচিত মুখ ছিল এই পালকি স্থাপত্য। সামাজিক যোগাযোগমাধ্যমেও এর ছবি দেখা যেত। কিন্তু এখন এসে দেখি চারপাশে গাড়ি রাখা। আগের সৌন্দর্য আর নেই।
এবিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এম.সাইফুল্লাহ বলেন, বর্তমানে পৌরসভার কার্যক্রম ও সেবার পরিধি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে পৌরসভার যানবাহনের সংখ্যাও বাড়াতে হয়েছে। তবে নিরাপদ ও উপযুক্ত পার্কিং স্থানের অভাবে সাময়িকভাবে পালকি ভাস্কর্য সংলগ্ন এলাকায় এসব গাড়ি রাখা হচ্ছে। বিষয়টি আমরা অনুধাবন করছি এবং দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন হলে ওই স্থান থেকে যানবাহন সরিয়ে নেওয়া হবে এবং এলাকাটিকে পুনরায় তার পূর্বের নান্দনিক ও সৌন্দর্যমণ্ডিত রূপে ফিরিয়ে আনা হবে। কুষ্টিয়া পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেন বলেন, আমি সম্প্রতি দায়িত্ব গ্রহণ করেছি। বিষয়টি সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নগরবাসীর দাবি, পৌরসভার ঐতিহ্য ও সৌন্দর্যের প্রতীক হিসেবে পরিচিত এই স্থাপনাকে গ্যারেজমুক্ত করে পুনরায় জনসাধারণের ব্যবহারের উপযোগী করা হোক।
