অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার মেঘনা উপজেলায় অটোরিকশার ধাক্কায় আব্দুল্লাহ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার হরিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ হরিপুর গ্রামের রবিকুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রামপুর থেকে হরিপুরগামী একটি অটোরিকশা হরিপুরের রেখা প্লাজার সামনে লোকমান মিয়ার দোকানের কাছে পৌঁছালে শিশুটি সড়কে চলে আসে। এ সময় অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করলেও তার মৃত্যু হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাস্থলের পাশেই আব্দুল্লাহর বাড়ি। খেলাধুলার একপর্যায়ে সে সড়কে চলে আসলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সঙ্গে জড়িত অটোরিকশার চালক মো. নুরুল ইসলাম। সে বড়কান্দা গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। ঘটনার পর তিনি পালিয়ে যান। মেঘনা থানার ওসি শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।