ভাজনডাঙ্গা সেতু নির্মাণের কাজ শেষ পর্যায়ে

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ফরিদপুর প্রতিনিধি

দীর্ঘ অপেক্ষার পর শেষ পর্যায়ে ফরিদপুর সদরের ভাজনডাঙ্গা সেতুর কাজ। পদ্মার শাখা নদীর ওপর ৫৮০ মিটার দীর্ঘ এই সেতু চালু হলে বদলে যাবে চরাঞ্চলের ২০ হাজার মানুষের জীবন। এলজিইডি সূত্র জানায়, ভাজনডাঙ্গা-ডিক্রিরচরকে যুক্ত করতে ৭৬ কোটি টাকা ব্যয়ে ২০১৭-১৮ অর্থবছরে প্রকল্পটি নেওয়া হয়। বর্তমানে নৌপথে চলাচলের ভোগান্তি বর্ষায় চরমে পৌঁছায়। সেতু হলে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিপণ্য পরিবহনে নতুন দ্বার খুলবে। ২০১৮ সালে কাজ শুরু হলেও ঠিকাদারের ধীরগতিতে কাজ পিছায়। তবে এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আজহারুল ইসলামের কঠোর মনিটরিংয়ে এখন দ্রুতগতিতে কাজ চলছে। সদর উপজেলা প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন জানান, কাজের মান শতভাগ নিশ্চিত করে আগামী বছরের ২০ জুনের মধ্যে সেতু চালুর আশা। চরাঞ্চলের কৃষকেরা বলছেন, সেতু চালু হলে ধান, পেঁয়াজ, পাট সরাসরি শহরে যাবে। কমবে খরচ, বাড়বে লাভ। ভাজনডাঙ্গা সেতু তাই শুধু অবকাঠামো নয়, পদ্মাপাড়ের মানুষের উন্নয়ন ও টেকসই যোগাযোগের নতুন প্রতীক।