গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত এক আহত অর্ধশতাধিক

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে দুটি যাত্রীবাহী বাস ও একটি ট্রাকের সংঘর্ষে এক যাত্রী নিহত ও অন্তত অর্ধশতাধিক আহত হয়েছে। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার বিকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চেচানিয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক সিপলু আহমেদ এবং ট্রাফিক পুলিশের পরিদর্শক মনোজিৎ নন্দী এ বিষয়ে নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা সুন্দরবন পরিবহন অপর বাস জিএমএস পরিবহনকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আশা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী দুটি বাস সড়কের পাশে খাদে পড়ে যায়। এসয়ম ওই দুই বাসের অন্তত অর্ধশতাধিক যাত্রী আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়ার পর একজনের মৃত্যু হয়। তবে তার পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।