বাল্যবিয়ে পড়িয়ে কাজী কারাগারে
প্রকাশ : ১৮ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ১৬ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিয়ে সম্পাদনের অভিযোগে এক নিকাহ রেজিস্ট্রারকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বাল্যবিবাহের আয়োজন ভণ্ডুল করে দেওয়া হয় এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন।
গত সোমবার বিকালে উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের নয়ন মাদবর কান্দী গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকী দাস। অভিযানে পুলিশ সদস্য ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তারা অংশ নেন। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বিয়ের প্রস্তুতির সত্যতা পায় এবং তাৎক্ষণিকভাবে বাল্যবিবাহ বন্ধ করে দেয়। এ সময় বাল্যবিবাহ সম্পাদনের অভিযোগে নিকাহ রেজিস্ট্রার মাওলানা মো. জাকির হোসেন (৬৫) কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে বাল্যবিবাহ সম্পাদনের প্রমাণ হিসেবে একটি খসড়া রেজিস্টার খাতা জব্দ করা হয়েছে। বাল্যবিয়ের ঘটনায় বর, তার বাবা-মা এবং বিয়ের আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। নড়িয়া উপজেলা সহকারী কমিশনার লাকী দাস বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি ও আইনত দণ্ডনীয় অপরাধ। শিশুদের অধিকার ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
