শ্রীমঙ্গলে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন ২’
প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
শ্রীমঙ্গল, মৌলভীবাজার

টেকসই কালচারাল ট্যুরিজম বিকাশে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে ও উপজেলা প্রশাসন শ্রীমঙ্গল-এর সহযোগিতায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২’ নামে তিন দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার বেলা ৩টায় উপজেলার ফুলছড়া মাঠে এ মেলার শুভ উদ্বোধন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মিজ আফরোজা খানম। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আব্দুর রউফ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ ফাহমিদা আক্তার। মেলায় গেস্ট অফ অনার হিসেবে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং স্থানীয় সংসদ সদস্যসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থি থাকবেন। ট্যুরিজম বোর্ডের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (যুগ্মসচিব) সালেহা বিনতে সিরাজ, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান, ট্যুরিজম বোর্ডের উপ-পরিচালক মহিবুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন প্রমুখ। ট্যুরিজম বোর্ডের পরিচালক (যুগ্মসচিব) সালেহা বিনতে সিরাজ বলেন, পর্যটন শিল্পকে বিকশিত করতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বর্ণিল জীবন ও সংস্কৃতির মেলবন্ধন এই হারমোনি ফেস্টিভাল মেলার আয়োজন করা হয়েছে।
