চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু

প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ছোট দুধ পাতিলা রেল ক্রসিং এর কাছে ট্রেনে কাটা পড়ে সুমন ও রাজু নামে দুইজনের মৃত্যু হয়েছে। এই সময় আব্দুল কাদের নামের আরেকজন গুরুতর আহত হন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার সময় এ ঘটনা ঘটে। নিহত সুমন উপজেলার ছয়ঘড়িয়া গ্রামের বাসিন্দা ও রাজু একই উপজেলার মদনা গ্রামের বাসিন্দা। পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেন উপজেলার ছোট দুধ পাতিলা রেল ক্রসিংয়ে কাছে পৌছাই।

এই সময় ডুগডুগি বাজার থেকে সুমন, রাজু ও আব্দুল কাদের মোটরসাইকেল যোগে দোস্ত বাজারে যাওয়ার সময় হঠাৎ রেল লাইনের উপরে মোটরসাইকেল বন্ধ হয়ে গেলে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই সুমন ও রাজু নিহত হয়। এ সময় আব্দুল কাদের গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে দর্শনা হল্ট রেলস্টেশন জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জগদীশ চন্দ্র বসু সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছিয়ে রাত ৮টার দিকে লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা জিআরপি পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।