আজ মুন্সীগঞ্জে যাচ্ছেন জামায়াত আমির
প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি আজ শুক্রবার মুন্সীগঞ্জ সফরে আসছেন। তার এই সফরকে কেন্দ্র করে জেলা জুড়ে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। দীর্ঘদিন পর দলের সর্বোচ্চ নেতার মুন্সীগঞ্জ সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, মুন্সীগঞ্জ জেলা শাখা।
জানা গেছে, আজ বিকাল ৩টায় মুন্সীগঞ্জ শহরের রয়েল পার্টি সেন্টার, জেলা শিল্পকলা এলাকায় জেলা জামায়াতের উদ্যোগে এক রোকন সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি।
দলীয় সূত্রে জানা যায়, রোকন সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং দলটির শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে সমাবেশটি জনসমাগমে মুখরিত হবে বলে আশা করছেন আয়োজকরা।
রোকন সমাবেশে বর্তমান জাতীয় রাজনৈতিক পরিস্থিতি, দেশের সার্বিক অবস্থা, সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করবেন বলে জানা গেছে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের উদ্দেশেও প্রয়োজনীয় বক্তব্য রাখবেন দলটির আমির।
এদিকে সমাবেশকে সফল করতে ইতোমধ্যে মুন্সীগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। জেলা জামায়াতের নেতারা জানিয়েছেন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে রোকন সমাবেশ সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তারা জেলার সর্বস্তরের নেতাকর্মীদের নির্ধারিত সময়ের আগেই সমাবেশস্থলে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
