দুর্গাপুরে তিন ছাগলকে পিটিয়ে মারার অভিযোগ
প্রকাশ : ২১ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বাগানে ঢুকে পড়াকে কেন্দ্র করে তিনটি ছাগল পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত সাইদুল ইসলাম মৃত ছাগলগুলো নিয়ে থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। গত শুক্রবার বিকালে উপজেলার মেনকিফান্দা গ্রামে এ লোমহর্ষক ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মেনকিফান্দা গ্রামের বাসিন্দা মৃত ইসমত আলীর পুত্র সাইদুল ইসলাম এর মালিকানাধীন ছাগলগুলো স্থানীয় মিয়া হোসেনের সুপারি বাগানের চলে যায়। এ সময় বাগানের মালিক ও তার পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়ে ছাগলগুলোকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে ঘটনাস্থলেই তিনটি ছাগল মারা যায়। ভুক্তভোগী সাইদুল ইসলাম অভিযোগে উল্লেখ করেন, নিহত ছাগলগুলোর বাজারমূল্য প্রায় ৩৬ হাজার টাকা। ঘটনার পর তিনি প্রতিবাদ করলে অভিযুক্তরা উল্টো ভয়ভীতি ও হুমকি প্রদান করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
