যশোরে জাতীয় পার্টির ২৫ নেতাকর্মীর পদত্যাগ

প্রকাশ : ২১ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  যশোর প্রতিনিধি

যশোরে জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের ২৫ জন নেতাকর্মী দল থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শুক্রবার রাত ৯টায় যশোর প্রেসক্লাব অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যশোর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও কেন্দ্রীয় জাতীয় উলামা পার্টির সাধারণ সম্পাদক ডা. মুফতি ফিরোজ শাহ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরে তারা জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে দলকে সুসংগঠিত করার পাশাপাশি দেশের কল্যাণে কাজ করে আসছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে দলের অভ্যন্তরে সাংগঠনিক শৃঙ্খলার চরম অবনতি, নেতৃত্বের মধ্যে সমন্বয়হীনতা এবং শীর্ষ পর্যায়ের নেতাদের অসাংগঠনিক ও স্বেচ্ছাচারী কর্মকাণ্ডে তারা হতাশ হয়েছেন।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে জাতীয় পার্টি দেশ ও জনগণের কল্যাণে কোনো ইতিবাচক ভূমিকা রাখতে পারবে বলে তাদের বিশ্বাস নেই।

এ কারণে তারা স্বেচ্ছায় দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

পদত্যাগের মাধ্যমে জাতীয় পার্টির সঙ্গে তাদের সকল সাংগঠনিক সম্পর্ক নেই বলেও তিনি ঘোষণা করেন।

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন যশোর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ্ব আজিজুর রহমান আজিজ, সদস্য সচিব ডা. মুফতি ফিরোজ শাহ, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম চঞ্চল, যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, কেশবপুর উপজেলা সভাপতি জি এম হাসান, শার্শা উপজেলা সভাপতি ডা. আক্তারুজ্জামান আক্তার, যশোর সদর উপজেলা সভাপতি মো. শফিয়ার রহমান, জেলা সদস্য মো. হাবিবুর রহমান (হাবিব), মো. রুহুল আমিন লাভলু, ইমন হোসেন লাল্টু, আমিনুর রহমান, বিল্লাল হোসেন, মিজানুর রহমান, রবিউল ইসলাম, সাইফুল ইসলাম, হাফিজুর রহমান, বজলুর রহমান, ডা. জামাল উদ্দিন, মফিজুর রহমান, একরামুল হক জুয়েল, আবু হারেজ, ওসমান গণি সরকার, সেকেন্দার আলী, মাস্টার ফিরোজসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।