সরকারি রাস্তার জমি উদ্ধার
প্রকাশ : ২১ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে দখল হওয়া এক কিলোমিটার রাস্তা উদ্ধার করেছে স্থানীয়রা। এতে উপজেলার মির্জাপুর ও শুভগাছাসহ বিভিন্ন এলাকার লোকজনের চলাচল ও পণ্য পরিবহনে দুর্ভোগ লাঘব হবে। জানা গেছে, উপজেলার বালিজুড়ী ইউনিয়নর ১নং ওয়ার্ডের মির্জাপুর পাকা রাস্তার শেষ মাথা থেকে কামারিয়া সীমানা পর্যন্ত প্রায় ১কিলোমিটার দীর্ঘ ও ১৭ফুট প্রস্থের রাস্তার দুইপাশের জমির মালিকরা দিনে দিনে আল কেটে নিজেদের জমির সাথে সংযুক্ত করে ফেলে। এতে ১৭ ফুট প্রশস্ত রাস্তাটি সংকীর্ণ হয়ে কোনরকমে পায়ে চলাচল করার মত আল পথ হয়ে যায়। শনিবার উপজেলার চরগাবেরগ্রাম এলাকার সমাজসেবক মজনুর রহমান আকাশের নেতৃত্বে বিএনপি’র নেতা কর্মীরাসহ এলাকাবাসীর সহযোগিতায় সরকারি রাস্তাটির প্রস্তে ১৭ফুট জায়গা উদ্ধার করা হয়। এ সময় পৌর বিএনপি’র ১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জগলুর রহমান রতন, এবং সমাজসেবক খোরশেদ আলম উপস্থিত ছিলেন। রাস্তা উদ্ধারের উদ্যোক্তারা জানান, সরকারি নকশা ও সিএস, আরএস, এসএ এবং বিএস রেকর্ড অনুযায়ী নিশ্চিত হওয়া যায় যে, রাস্তাটি সরকারি। এক সময় কৃষকরা এই রাস্তা দিয়ে যাওয়া আসা ও কৃষি পণ্য পরিবহন করতেন। দীর্ঘ দিনে দু’পাশের জমির মালিকরা আল কেটে রাস্তাটি সংকীর্ণ করে ফেলে। বিষয়টি স্থানীয় লোকজন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেসুর রহমান মোখলেসকে অবগত করেন। শনিবার রাস্তাটির দখলমুক্ত করার পর মোখলেসুর রহমান মোখলেস সাংবাদিকদের বলেন, জমির কাগজপত্র যাচাই-বাছাই করে এবং এলাকার মানুষের চলাচলের সুবিধার কথা বিবেচনা করে রাস্তাটি পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়। এতে মির্জাপুর, শুভগাছা, কামারিয়াসহ বিভিন্ন গ্রামের কৃষক ও সাধারণ মানুষ স্বাচ্ছন্দে চলাচল এবং কৃষি পণ্য পরিবহন করতে পারবেন। রাস্তা উদ্ধারের সময় চরপাকেরদহ ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মনজুরুল ইসলাম মঞ্জু সরকার, পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক নান্নু মিয়া, আবু সাঈদসহ অনেকেই উপস্থিত ছিলেন।
