র‌্যাবের অভিযানে তিন আসামি গ্রেপ্তার

প্রকাশ : ২১ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে পৃথক তিনটি অভিযানে ডাকাতি ও মাদক মামলার তিন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪, ময়মনসিংহ। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে র‌্যাব। শনিবার (২০ জুন) র‌্যাব-১৪, ময়মনসিংহের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানি, র‌্যাব-১৪ এর আভিযানিক দল পৃথক তিনটি অভিযান পরিচালনা করে তিন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রথম অভিযানে গত ১৮ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ নগরীর আকুয়া মোড়লপাড়া এলাকায় অভিযান চালিয়ে কোতোয়ালী থানার একটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. নাজমুল হুদা (২৮)কে গ্রেপ্তার করা হয়। তিনি চরকালীবাড়ী এলাকার বাসিন্দা।

পরদিন ১৯ জুন সন্ধ্যা ৬টা ৫ মিনিটে নগরীর ইটখোলা এলাকায় পরিচালিত দ্বিতীয় অভিযানে কোতোয়ালী থানার আরেকটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. নাছির উদ্দিন (৩৫)কে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি চরপাড়া বন্দেরবাড়ী এলাকায়।

একই দিন রাত ৮টা ৫০ মিনিটে ঢাকা বাইপাস এলাকায় পরিচালিত তৃতীয় অভিযানে ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. মেহেদী হাসান ওরফে সাজ্জাদ (২০)কে গ্রেপ্তার করে র‌্যাব। তিনি কৃষ্টপুর বউবাজার এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক ও ডাকাতির মামলায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। তারা দীর্ঘদিন পলাতক থেকে বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে আত্মগোপন করছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।