‘বাংলাদেশে কোনো ফ্যাসিবাদের জায়গা হবে না’
প্রকাশ : ২১ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
টাঙ্গাইল প্রতিনিধি
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের জায়গা হবে না। আগামি দিনে ফ্যাসিবাদ যাতে মাথাচারা দিয়ে উঠতে না পাওে সেলক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গতকাল শনিবার দুপুরে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়ে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তমের ৪৫তম শাহাদৎ বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নিকট অতীতে আমরা একসাথে আন্দোলন করেছি, ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদ হটিয়েছি। আগামীর সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেন, বিএনপি সরকার ক্ষমতা নিয়েছে মাত্র তিন মাস। জনগণ পাঁচ বছরের জন্য ভোট দিয়েছে। পাঁচ বছর পর আবার ভোট হবে। ক্ষমতার পাঁচ বছরে আমরা কী করলাম আর না করলাম তার হিসাব কিন্তু জনগণকে দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
