শহীদ জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
প্রকাশ : ২২ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
গাজীপুর প্রতিনিধি

উৎসবমুখর পরিবেশ ও জমকালো আয়োজনের মধ্যদিয়ে গাজীপুরে উদ্বোধন করা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। গত শনিবার গাজীপুরের ঐতিহ্যবাহী শহীদ বরকত স্টেডিয়ামে হাজারো ফুটবল প্রেমীর উপচে পড়া ভিড় আর উন্মাদনার মধ্যদিয়ে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী ম্যাচে দিনাজপুরের শাইখ স্পোর্টসকে ৩-০ গোলে পরাজিত করে শুভ সূচনা করেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। ম্যাচজুড়ে আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে বিকেএসপির তরুণরা মাঠে নিজেদের শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রাখে। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি। গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মো. ইসরাইল হাওলাদার এবং গাজীপুরের পুলিশ সুপার মো. শরীফ উদ্দিন। গাজীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে দেশের বিভিন্ন জেলার ১৬টি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক দল নকআউট পদ্ধতিতে এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। প্রথম রাউন্ডের খেলা শেষে বিজয়ী দলগুলো পর্যায়ক্রমে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং আগামী ১০ জুলাইয়ের বহুল প্রতীক্ষিত ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে।বাংলাদেশ বিকেএসপি, শাইখ স্পোর্টস (দিনাজপুর), কালিয়াকৈর একাদশ, ব্রহ্মপুত্র এক্সপ্রেস (ময়মনসিংহ), সানবান্ধা স্পোর্টিং ক্লাব (টাঙ্গাইল), স্কুটার আব্দুল গফুর ফুটবল একাডেমি (নরসিংদী), কাপাসিয়া একাদশ, থ্রি ব্রাদার্স একাদশ (জামালপুর), একরাম স্মৃতি ফুটবল একাডেমি (মানিকগঞ্জ), ভাষানটেক ফুটবল ক্লাব (মিরপুর, ঢাকা), বগুড়া জেলা দল, এসআরএফসি (ঠাকুরগাঁও), কুমিল্লা জেলা দল, টঙ্গী ফুটবল একাডেমি এবং ঝিনাইদহ জেলা দল। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মো. হান্নান মিয়া হান্নু এবং সদস্য সচিব মো. আব্দুর রউফ বাবুল জানান, টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে।
