অপতৎপরতা ও মাদকের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ
প্রকাশ : ২২ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহ প্রতিনিধি
আওয়ামী লীগের অপতৎপরতা, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। সমাবেশ থেকে নেতারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি যেকোনো রাজনৈতিক অপতৎপরতা মোকাবেলায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। গতকাল রোববার সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর টাউন হল প্রাঙ্গণে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিলা স্কুল মোড়, নতুন বাজার ও গাঙ্গিনাপাড় মোড় হয়ে স্টেশন চত্বরে গিয়ে শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনে বিএনপি বদ্ধপরিকর।
সমাজের প্রতিটি স্তরে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং রাজনৈতিক সংগঠনগুলোকে একযোগে কাজ করতে হবে।তিনি অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার আওয়ামী লীগ বিভিন্নভাবে দেশে অস্থিরতা সৃষ্টি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাচ্ছে। তবে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতা রাজনৈতিকভাবে মোকাবিলা করবে। তারেক রহমানের নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার জনকল্যাণমুখী কার্যক্রম পরিচালনা করছে। তাঁর মানবিক ও উন্নয়নমুখী উদ্যোগ দেশ-বিদেশে প্রশংসিত হচ্ছে। এ কারণেই একটি মহল নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন কোতোয়ালি বিএনপির আহ্বায়ক হেলাল আহমেদ। তারা বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সচেতন থাকতে হবে। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ নির্মূলে কঠোর অবস্থান নেওয়ারও আহ্বান জানান তারা।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা কাজী রানা, শাহ শিব্বির আহম্মেদ ভুলু, এম এ হান্নান খান, এনামুল হক আকন্দ লিটন, কায়কোবাদ মামুন, সৈয়দ শরীফ, রতন আকন্দ, খন্দকার মাসুদ, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায়সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সমাবেশ শেষে নেতাকর্মীরা মাদক, সন্ত্রাস ও রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং জনসচেতনতা বৃদ্ধিতে গণমুখী কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।
