সিরাজগঞ্জে নববধূর লাশ উদ্ধার
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
যমুনা সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের কোনাবাড়ী মফিজ মোড় এলাকা থেকে স্কুল ছাত্রী নববধূ মুক্তা খাতুনের (১৪) মাথা থেঁতলানো লাশ উদ্ধার করেছে পুলিশ। সে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্বদেলুয়া গ্রামের আলতাফ হোসেনের মেয়ে এবং স্থানীয় হাই স্কুলের ৯ম শ্রেণির ছাত্রী। যমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, প্রায় ১৫ দিন আগে ওই স্কুল ছাত্রীর বিয়ে হয়েছিল।
তবে বাবার বাড়ি থেকে রোববার সন্ধ্যা রাতে সিরাজগঞ্জের কড্ডা মোড় এলাকার তার প্রেমিকের সাথে চলে যায় এবং পরদিন সোমবার সকালে উল্লেখিত এলাকায় তার মাথা থেঁতলানো লাশ দেখতে পায় স্থানীয়রা। পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে এবং ঘটনাস্থল থেকে তার লাল রংয়ের একটি শাড়ী উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধের পর মাথা থেতলিয়ে তার মৃত্যু নিশ্চিত করা হয়।
