দাউদকান্দি পৌরসভার বাজেট ঘোষণা

প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মোশায়ারা আক্তার, দাউদকান্দি (কুমিল্লা)

নতুন কোন কর আরোপ ছাড়াই কুমিল্লার দাউদকান্দি পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৪৩ কোটি ৯ লাখ ৯৮ হাজার ৪৬৮ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে পৌরসভার সভা কক্ষে এ বাজেট ঘোষণা করেন দাউদকান্দি পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম। বাজেট অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন পৌর প্রশাসক রেদওয়ান ইসলাম।

বাজেট সভায় উপস্থিত ছিলেন, দাউদকান্দি পৌর নির্বাহী কর্মকর্তা মো.তাজুল ইসলাম, পৌরসভার সহকারী প্রকৌশলী এইচ এম কামরুজ্জামান, হিসাব রক্ষক মো.শাহাদাত হোসেন, উপ-সহকারী প্রকৌশলী জেবিন সুলতানা কার্যসহকারী আব্দুল আহাদ প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার বিভিন্ন কর্মকর্তা, সুশীল সমাজ, ব্যবসায়ীসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ। ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৪৩ কোটি ৯ লাখ ৯৮ হাজার ৪৬৮ টাকার প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট আয় ধরা হয়েছে ৪৩ কোটি ৯ লাখ ৯৮ হাজার ৪৬৭ টাকা এবং সর্বমোট রাজস্ব ও উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৩৬ কোটি ৭০ লাখ ৩০ হাজার টাকা। বাজেটে উদ্ধৃত্ত ধরা হয়েছে ৬ কোটি ৩৪ লাখ ৬৮ হাজার ৪৬৭ টাকা।

পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম বলেন, নাগরিক সেবার মানোন্নয়ন, এলাকার সড়ক অবকাঠামো উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকীকরণ ও সংস্কার, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিক সেবার মান বৃদ্ধির লক্ষ্যে এ বাজেট প্রণয়ন করা হয়েছে।